ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে পণ্যবাহী ভারী যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি ও পচনশীল পণ্যবাহী গাড়ি এর আওতামুক্ত থাকবে। 

আজ বৃহস্পতিবার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার সরকারি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঈদ উপলক্ষে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে দুপুর ১২টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জেলার চারজন অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম, হাসচিব আবুল কালাম আজাদ, পরিবহন আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মৃণাল চৌধুরী, কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রমুখ অংশ নেন।
এসপি হাফিজ আক্তার বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অংশে পুলিশ সতর্ক থাকবে। হাইওয়ে পুলিশও একই সঙ্গে কাজ করবে। ঈদ উপলক্ষে মহাসড়কে গাড়ি তল্লাশি আপাতত বন্ধ থাকবে। তবে মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না।
এসপি আরও বলেন, চট্টগ্রাম অংশে মহাসড়কের যে জায়গায় সমস্যা রয়েছে, তা সরেজমিনে দেখে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে। সেই প্রতিবেদনের আলোকে রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে আশা করা যায়। আগের বছরগুলোর তুলনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গাড়ি চলাচলের জন্য পুরো উপযোগী রয়েছে। এরপরও কোথাও সমস্যা থাকলে সেটা মেরামত করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বলা হবে।
পুলিশ সুপার মহাসড়কে নছিমন, করিমন ও সিএনজিচালিত অটোরিকশা না চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহাসড়কে ছোট যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। হাইকোর্টও এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রত্যেকের আইন মেনে চলা উচিত। কেউ আইন অমান্য করে ছোট যান মহাসড়কে নামালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
হাফিজ আক্তার দুর্ঘটনা রোধে হেলপারকে চালকের আসনে না বসানোর আহ্বান জানিয়ে মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘ঈদের পর ফাঁকা রাস্তায় দুর্ঘটনার হার বেড়ে যায়। ওই সময় প্রকৃত চালকের পরিবর্তে হেলপার বেপরোয়াভাবে গাড়ি চালায়। হরতালের সময়ও ফাঁকা রাস্তায় এই প্রবণতা দেখা যায়। তাই কোনো হেলপারের হাতে আপনারা (মালিক) গাড়ির চাবি তুলে দেবেন না।’ দূরপাল্লার বাসে ডাকাতি ও অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে প্রত্যেক যাত্রীর ছবি ভিডিও করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবহনভাড়া না বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
এসপি জানান, ঈদ উপলক্ষে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে ওই নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন।
মতবিনিময় সভায় মহাসড়ক পরিবহন চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের কাজ ১০ বছর ধরে চলছে। আগামী পাঁচ বছরেও প্রকল্পের কাজ শেষ হবে কি না সন্দেহ রয়েছে। ইতিমধ্যে মহাসড়কের সীতাকুণ্ড-বারইয়ারহাট ও ফেনী অংশে রাস্তা দেবে গেছে। এতে দুর্ঘটনাও বেড়ে গেছে। বিশেষ করে একটি গাড়িতে ৮০-৯০ টন থেকে ২৫০ টন পর্যন্ত পণ্য পরিবহন হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তাই অতিরিক্ত পণ্য পরিবহন নিষিদ্ধ করে মহাসড়ককে গাড়ি চলাচলের উপযোগী করে রাখার ব্যবস্থা করতে হবে।
কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাফফর আহমেদ বলেন, ‘যাত্রীদের স্বার্থে আমরা ছয় দিন পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখব। তবে চট্টগ্রামের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন যাত্রীদের যেন জিম্মি করতে না পারে, সেটাও দেখতে হবে কর্তৃপক্ষকে। আমরা চাই, ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যাতায়াত করুক। অন্য রুটের বাস উন্মুক্ত করে দিতে হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয়।’