ঈদের আগে পানির পাইপ স্থাপন ও রাস্তা সংস্কার
আসন্ন ঈদুল ফিতরের আগে খুলনা নগরের প্রধান প্রধান সড়কে পানির পাইপলাইন স্থাপন ও রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে খুলনা ওয়াসা। ২০১৮ সালের মধ্যে মহানগরের ৬ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করারও আশা করেন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহমেদ।
গতকাল রোববার নগরের একটি অভিজাত হোটেলে স্বেচ্ছাসেবী সংস্থা নবলোকের ‘প্রমোটিং এনভায়রনমেন্টাল হেলথ ফর দ্য পুওর (পিহ্যাপ) প্রজেক্ট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াটার এইড-এর সহযোগিতায় খুলনা নগরের বস্তি এলাকার পয়োনিষ্কাশন, নিরাপদ খাওয়ার পানি সরবরাহ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খুলনা নগরের ১০টি ওয়ার্ডে নবলোক পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নগরের সবার জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। নগরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, পয়োনিস্কাশন ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তুলতে পারলে সবার জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সহজ হবে।
সিটি মেয়র বলেন, ‘স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা রাজবাঁধ এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কেসিসি আরেক ধাপ এগিয়ে যাবে।’
নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটার এইডের পলিসি অ্যাডভোকেসি হেড সামিয়া আহমেদ, কেসিসির কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন, মো. হাফিজুর রহমান মনি, মো. ইউনুস আলী সরদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, আনজিরা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, ভেটেরিনারি সার্জন মো. রেজাউল করিম, খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী রফিকুল আলম প্রমুখ।