ঈদের আগে পাম বড়ি খাইয়ে গরু মোটাতাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ক্ষতিকর স্টেরয়েড-জাতীয় ওষুধ (পাম বড়ি হিসেবে পরিচিত) খাইয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। কোরবানির ঈদের আগে একশ্রেণীর গরু ব্যবসায়ী গরু মোটাতাজা করতে এই পন্থা অবলম্বন করছেন। মাত্রাতিরিক্ত স্টেরয়েডের প্রভাবে গরুগুলো দ্রুত মোটাতাজা হলেও এসব গরুর মাংস মানবদেহের জন্য ক্ষতিকর।অনুসন্ধানে জানা গেছে, একশ্রেণীর গরু ব্যবসায়ী স্বল্প সময়ে গরু মোটাতাজা করতে গো-খাদ্যের সঙ্গে গরুকে নিষিদ্ধ স্টেরয়েড-জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন। এতে গরু দ্রুত মোটাতাজা হয়ে উঠলেও এর রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে গরুর হূৎপিণ্ড, কিডনি, যকৃৎ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।বেশ কয়েকজন গরু ব্যবসায়ী জানান, সাধারণত ঈদুল ফিতরের পরপরই ব্যবসায়ীরা বাজার থেকে অল্প দামে শীর্ণকায় গরু কিনে কোরবানির ঈদের আগ পর্যন্ত প্রতিদিন এই ওষুধ খাওয়ান। মোটাতাজা করার জন্য গরুগুলোকে যেসব ওষুধ খাওয়ানো হচ্ছে তার বেশির ভাগই ভারতীয় ও আমদানি নিষিদ্ধ। ভারত থেকে বিভিন্ন নামে আসা এসব ওষুধ এলাকায় পাম বড়ি হিসেবে পরিচিত। তবে দেশে তৈরি কিছু স্টেরয়েড-জাতীয় ওষুধও অনেকে ব্যবহার করে থাকেন। বেড়া পৌর এলাকার পশু চিকিৎসক বাবু মিয়া জানান, এখানকার অনেক ওষুধের দোকানে বর্তমানে পাম বড়ি বিক্রি হচ্ছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল আলম জানান, উপজেলায় স্টেরয়েড খাইয়ে অনেকেই গরু মোটাতাজা করছেন। স্টেরয়েড-জাতীয় ওষুধ গরুর শরীরে পানি ধরে রাখতে সহায়তা করে। ফলে গরুকে মোটাতাজা দেখায়। কিন্তু এতে গরুর মারাত্মক শারীরিক ক্ষতি হয়। তিনি জানান, স্টেরয়েড-জাতীয় ওষুধ খাওয়ানোর পর গরুর দেহে এর প্রভাব বেশ কিছুদিন থাকে। ফলে এই সময়ের মধ্যে এসব গরুর মাংস কেউ খেলে তার দেহেও স্টেরয়েডের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘মোটাতাজা করার জন্য যে স্টেরয়েড খাওয়ানো হয়, সেটির মূল উপাদান ডেক্সামেথাসন। মাত্রারিক্ত স্টেরয়েড খাওয়ানো গরুর মাংস দীর্ঘদিন ধরে খেলে তা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।