ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ এবং প্রস্তাবিত ইপিজেড শ্রম আইনের শ্রমিক-স্বার্থবিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নাইমুল হাসান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম দেলোয়ার হোসেন, গার্মেন্টস শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

নাইমুল হাসান বলেন, প্রতিবছর ঈদের আগে মালিকদের সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএর পক্ষ থেকে বেতন-বোনাস ঠিকমতো পরিশোধের ঘোষণা দেয় শ্রম মন্ত্রণালয়। কিন্তু মালিকেরা ঈদের ছুটির আগ মুহূর্ত পর্যন্ত বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের জিম্মি করে রাখেন। ঈদের এক দিন আগে এসে মালিকেরা নামমাত্র বোনাস-বকশিশ দেন। তখন শ্রমিকেরা বাড়ি ফেরার জন্য উদ্‌গ্রীব থাকায় প্রতিবাদ করার সুযোগও থাকে না। এভাবে প্রতিটি ঈদে মালিকেরা পরিকল্পিতভাবে শ্রমিকদের বঞ্চিত করেন।

নাইমুল হাসান আরও বলেন, সরকার ইপিজেড আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এখানে শ্রমিকদের আরও বঞ্চিত করা হচ্ছে। একই দেশে ইপিজেডের ভেতরে ও বাইরে ভিন্ন আইন। এটা দেশের সংবিধান পরিপন্থী। প্রস্তাবিত ইপিজেড শ্রম আইনের শ্রমিক-স্বার্থবিরোধী ধারাগুলো বাতিল ও ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার দাবি জানান তিনি।