ঈদের আগে বকেয়া বেতন পাচ্ছেন না ৮০০ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদীতে অবস্থিত পাবনা চিনিকলের ৮০০ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঈদের আগে জুলাই ও আগস্ট মাসের বেতন পাচ্ছেন না। মিল কর্তৃপক্ষ বলছে, মজুত চিনি বিক্রি না হওয়ায় আর্থিক সংকটের কারণে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঈদের বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চিনিকলটির পাঁচজন কর্মচারী বলেন, ঈদের আগে সব কারখানায় বেতন-বোনাস পরিশোধের সরকারি নির্দেশনা রয়েছে। মিল কর্তৃপক্ষ জুলাইয়ের বেতন পরিশোধ করেনি। আগস্ট মাসও শেষ হয়ে এসেছে। ঈদের আগে আগস্ট মাসের বেতনও পরিশোধ করার কথা। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করেছে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না।

আগামী শনিবার সারা দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের আগেই দুই মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে বাংলাদেশ চিনিকল ফেডারেশন ও পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার বলেন, ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে মিল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু বকেয়া বেতনের কোনো আশ্বাস মেলেনি।

পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, চিনি বিক্রির টাকা থেকে সাধারণত বেতন পরিশোধ করা হয়। বর্তমানে মিলের গুদামে ৩ হাজার ৩৯ দশমিক ২৫ টন চিনি অবিক্রীত পড়ে আছে। এর দাম ১৮ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা। চিনি বিক্রি হলে বেতন পরিশোধে সমস্যা হতো না। এ কারণে জুলাইয়ের বেতন পরিশোধ হয়নি। আগস্টের বেতনও দেওয়া যাচ্ছে না। তবে ঈদের বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।