ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাসের দাবি শ্রমিকদের
ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাস প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ইস্পাত ও রড কারখানার শ্রমিকেরা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল বিকেলে চাষাঢ়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জামাল হোসেন। বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মিল্টন প্রমুখ।
বক্তারা আসন্ন ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ করতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।
বাসদের নেতা নিখিল দাস বলেন, রি-রোলিং স্টিল মিলের শ্রমিকেরা আগুনের সঙ্গে যুদ্ধ করে রড উৎপাদন করেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যখন-তখন দুর্ঘটনার শিকার হন। অথচ তাঁদের মজুরি দিনে মাত্র ৮০ থেকে ১২০ টাকা। আবার তাঁদের নিয়োগপত্র-পরিচয়পত্রও দেওয়া হয় না। কথায় কথায় চলে ছাঁটাই ও নির্যাতন।