ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন এবং পূর্ণ বোনাস দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খানের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের জেলার অন্যতম নেতা হিমাংশু সাহা, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলার সম্পাদক মিনহাজুল হক, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা আবু হাসান বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ঈদুল আজহার আগে সব শ্রমিকের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। কারণ, ঈদের পর পোশাক কারখানাসহ সব শিল্প-কারখানার কাজ অক্টোবরে শুরু হবে। ফলে সেপ্টেম্বরের পূর্ণ বেতন ঈদের আগে শ্রমিকদের পাওয়া ন্যায়সংগত। পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পে কোথাও বোনাস অর্ধেক আবার কোথাও বকশিশ দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানের মতো শ্রমিকদের পূর্ণ বোনাস দিতে হবে। মালিকেরা বোনাস নিয়ে টালবাহানা করায় অস্থিরতার সৃষ্টি হয়। ঈদের সময় যাতে সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য সরকারের পক্ষ থেকেই সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া দরকার।