ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকার সাভার ও নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার মিছিল-সমাবেশ করেছেন পোশাকশিল্পের সঙ্গে জড়িত শ্রমিক এবং সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে তাঁরা ঈদের আগে বেতন ও উৎসব ভাতাসহ ১১ দফা দাবি তুলে ধরেন।শ্রমিক সূত্র জানায়, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা পোশাকশ্রমিকদের নিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। বক্তারা দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে পোশাকশ্রমিকদের নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানান। তাঁরা ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতনের সমপরিমাণ উৎসব ভাতা, বাড়িভাড়া আইন নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ১১ দফা দাবি তুলে ধরেন।বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়কারী শফিকুল ইসলাম, ফেডারেশনের সহসভাপতি সুমাইয়া ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার প্রমুখ।২২ রমজানের মধ্যে শিল্পকারখানার শ্রমিকদের বেতন ও উৎসব ভাতাসহ সব পাওনা পরিশোধ ও বাজারদরের সঙ্গে সংগতি রেখে মহার্ঘ ভাতা এবং ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ সমাবেশ হয়।সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহামুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব ইসমাইল, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, ওয়ার্কার্স পার্টির নেতা বিমল কান্তি দাস প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সব মানুষের মতোই শ্রমিকেরা বাবা-মা, ছেলেমেয়েসহ আত্মীয়স্বজন নিয়ে ঈদ উদ্যাপন করবেন। কিন্তু প্রতিবারই ঈদ এলে বহু কারখানায় মালিকেরা শ্রমিকদের বেতন-ভাতা দেন না। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সরকার ও মালিকপক্ষ এর দায় শ্রমিকনেতা ও শ্রমিকদের ওপর চাপিয়ে দেয়। এটা সম্পূর্ণ অযৌক্তিক। মালিকেরা শ্রম আইন না মানলেও সরকার তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকের বাস্তবতায় শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা হওয়া প্রয়োজন। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়া উচিত।