ঈদের আগে বেতন ও ভাতা পরিশোধের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে শ্রমিকদের বকেয়াসহ চলতি আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল শুক্রবার সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী মাহমুদ হোসেনের সভাপতিত্বে গতকাল বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ। বক্তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হলেও অনেক প্রতিষ্ঠানই তা করেনি। তাঁরা বলেন, ঈদের আগে বকেয়াসহ চলতি মাসের বেতন পরিশোধ না করা হলে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের বাড়ি ঘেরাও করা হবে।বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মিছিল করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন। গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে বিসিক শিল্পনগরে মিছিল শেষে সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নূরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাহারানে সুলতান বাহার, মহসিন মিয়া, মাসুদ রানা প্রমুখ।