ঈদের আগে বেতন পেলেন না দুই সহস্রাধিক শিক্ষ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষক-কর্মচারী ঈদের আগে জুলাই মাসের বেতন পাননি। বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের জুলাই মাসের বেতনের এমপিওর (মাসিক পে-অর্ডার) অর্ডার শিট সোনালী ব্যাংকের মঠবাড়িয়া শাখায় যথাসময়ে না পৌঁছায় এসব শিক্ষক-কর্মচারীরা বেতন পাননি।
বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, উপজেলার এমপিওভুক্ত ছয়টি কলেজ ও ৯৮টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদের আগে বেতন তোলার সময়সীমা গতকাল বুধবার শেষ হয়েছে। কিন্তু বুধবার ব্যাংক চলাকালীন বেতনের অর্ডার শিট ব্যাংকে পৌঁছায়নি। আজ বৃহস্পতিবার থেকে তিন দিন ঈদের ছুটি থাকবে। ফলে দুই সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর ঈদের আগে বেতন তোলা সম্ভব হচ্ছে না।
সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক এম এ খালেক গতকাল বিকেল পাঁচটায় প্রথম আলোকে জানান, শিক্ষকদের জুলাই মাসের বেতনের সরকারি অংশের টাকা ব্যাংকে পৌঁছালেও বেতনের অর্ডার শিটের কপি তিনি কিছুক্ষণ আগে পেয়েছেন। শিক্ষকদের বিলের কপি জমা নেওয়া হচ্ছে। তবে ঈদের আগে তাঁদের বেতন দেওয়া যাচ্ছে না।