ঈদের আগে বেতন পেলেন না ২০০ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে জুলাই মাসের অগ্রিম বেতন থেকে বঞ্চিত হয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক। সোনালী ব্যাংকের কর্মকর্তাদের অবহেলার কারণে শিক্ষকেরা বেতন পাননি বলে অভিযোগ উঠেছে।

উপজেলার উত্তর চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ১৪ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের কাগজপত্রে (অর্ডার শিট)উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা স্বাক্ষর করে রূপালী ব্যাংকের জিয়ানগর শাখায় পাঠান। রূপালী ব্যাংক শিক্ষকদের বেতন দিয়ে থাকে। ১৪ জুলাই রূপালী ব্যাংক সোনালী ব্যাংক জিয়ানগর শাখায় শিক্ষকদের বেতন দেওয়ার জন্য টাকা চায়। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সোনালী ব্যাংক টাকা না দেওয়ায় রূপালী ব্যাংক শিক্ষকদের বেতন দিতে পারেনি। বেতন না পেয়ে ৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক খালি হাতে বাড়ি ফিরে যান।

সোনালী ব্যাংকের জিয়ানগর শাখার ব্যবস্থাপক মলয় কুমার মজুমদার বলেন, ‘আমি সোনালী ব্যাংকের পিরোজপুর শাখায় টাকা চেয়েছি। কিন্তু তারা টাকা দিতে দেরি করায় যথাসময়ে রূপালী ব্যাংককে টাকা দিতে পারিনি।’