ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি
ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, বন্ধ কারখানা চালু ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈদের আগে সব শ্রমিকের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ করার দাবি জানান শ্রমিকনেতারা। অর্ধমাসের বেতন ও অর্ধেক বোনাস শ্রমিকেরা মেনে নেবেন না বলে প্রশাসনকে সতর্ক করা হয়। নেতারা বলেন, তিন মাসের বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক না দিয়ে নারায়ণগঞ্জের ফ্রেন্ডস অ্যাপারেলস বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ অ্যান্ড রার্স ফ্যাশনে গত ঈদুল ফিতরের বোনাস ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। শ্রাবণ কম্পোজিটের মালিক তিন মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ করে পালিয়েছেন। অবিলম্বে এসব কারখানার সংকট নিরসনে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক আবু নাঈম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা শাখার সমন্বয়কারী নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।