ঈদের আগে বেতন বোনাসের দাবিতে মিছিল ও সমাবেশ
আসন্ন ঈদুল ফিতরের আগে পোশাকশিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে শহরের ২ নম্বর রেলগেট থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান ইসমাইল, জাহাঙ্গীর আলম, হাসনাত কবির প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে দিশেহারাভাবে বক্তব্য দিচ্ছে। অন্যদিকে মূল্য বৃদ্ধির কারণে শ্রমিকেরা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। ঈদের আর মাত্র ১০ দিন বাকি থাকলেও এখনো অনেক তৈরি পোশাকশিল্পে জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। ফলে প্রশাসনের উদাসীনতার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। দ্রুত শ্রমিকদের বকেয়া সব বেতন ও বোনাস প্রদানের দাবি জানান বক্তারা।