ঈদের আগে বেতন ভাতার দাবি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে বকেয়া বেতন-ভাতা, অতিরিক্ত কাজ (ওভারটাইম) ও বোনাসের টাকার দাবিতে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার নগরের মেডিকেল কলেজ-বাখরাবাদ সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই ইপিজেডে অবস্থিত মেসার্স বিএমটি ইন্টারন্যাশনাল লিমিটেড শ্রমিকদের জুন মাসের বকেয়া বেতন-ভাতা, ওভারটাইমসহ ঈদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন পর গতকাল পর্যন্ত তাঁদের বকেয়া পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওই কারখানায় কর্মরত প্রায় ৫০০ শ্রমিক বেলা তিনটার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মেডিকেল কলেজ-বাখরাবাদ সড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।