ঈদের আগে বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক কারখানাসহ সব শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের একটি সংগঠন।চাষাঢ়া পৌর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে সমাবেশ করা হয়। সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক নেতা মন্টু ঘোষ, দুলাল সাহা, বিমল কান্তি দাস, এম এ শাহীন প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ কারণে শ্রমিকেরা অসহায় দিন কাটাচ্ছেন। ঈদের আর মাত্র ১০ দিন বাকি। এখনো অনেক তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের গত মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বক্তারা আগামী ২৫ রমজানের মধ্যে তৈরি পোশাক কারখানাসহ সব শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান।