ঈদের আগে বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না পঞ্চগড় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। ঈদের আগে তাঁরা এই বেতন আর বোনাস পাবেন কি না, তারও নিশ্চয়তা নেই। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে এই চিনিকলের প্রায় ৮০০ শ্রমিক ও কর্মচারীর।
চিনিকল সূত্রে জানা গেছে, এই চিনিকলে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭৯ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে; যার মূল্য ৩২ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকা। চিনি বিক্রি না হলে ঈদের আগে শ্রমিক-কর্মচারীরা বেতন-বোনাস পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পাওনা টাকার জন্য প্রতিদিন সকাল থেকেই শ্রমিক-কর্মচারীরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে ভিড় করছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না।
খোঁজ নিয়ে জানা যায়, চিনিকলে উৎপাদিত চিনির দাম কমিয়ে দেওয়ার পর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে আমদানি করা চিনির দামও কমিয়ে দেয়। চিনিকলের চিনি বেশি মিষ্টি ও স্বাস্থ্যসম্মত হলেও বেশি সুযোগ-সুবিধা দেওয়ায় ব্যবসায়ীরা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিদেশ থেকে আনা ক্রুড থেকে উৎপাদিত পরিশোধিত সাদা চিনি বিক্রি করছেন।
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, চলতি বাজেটে বিদেশ থেকে চিনি আমদানিতে শুল্ক আরোপ করা হলেও পরে তা অজ্ঞাত কারণে প্রত্যাহার করা হয়। বিদেশ থেকে চিনি আমদানিতে বড় অঙ্কের শুল্ক আরোপ করা না হলে দেশের চিনিশিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘দেশের চাহিদার খুব সামান্যই উৎপাদন করে চিনিকলগুলো। সেটুকুও বিক্রি হয় না। আমাদের শ্রমিক-কর্মচারীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ঈদের আগে তাঁরা বেতন না পেলে মানুষগুলোর আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক চিনিকলের এক শ্রমিক বলেন, মাত্র দুই মাসের জন্য বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ করে দিলেই চিনিকলগুলোর উৎপাদিত সব চিনি বিক্রি হয়ে যেত। কিন্তু সরকারের সদিচ্ছার অভাবে তা সম্ভব হচ্ছে না।
চিনিকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বছর পঞ্চগড় চিনিকলে ৩ হাজার ৫১৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। গত বছরের আরও ৬ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত ছিল। গত ছয় মাস বিক্রির পর এখনো এই চিনিকলে ৮ হাজার ৭৭৮ দশমিক ৯০ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। ৪০ থেকে দাম কমিয়ে ৩৭ টাকা কেজি করা হলেও চিনি বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ সময়মতো কর্মচারী-শ্রমিকদের বেতন দিতে পারছে না।
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ প্রায় সাড়ে ৩২ কোটি টাকার চিনি অবিক্রীত থাকার কথা স্বীকার করে বলেন, চিনি বিক্রি করতে না পারলে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া কঠিন। ঈদের আগে চিনি বিক্রি করতে না পারলে অন্য কোনো উৎস থেকে কিছু টাকা এনে এক মাসের বেতন হলেও শ্রমিকদের দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘সরকার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের চিনি বিক্রি দুই মাস বন্ধ করে দাম বাড়িয়ে চিনিকলগুলোর চিনি বিক্রির ব্যবস্থা করলে চিনিকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতো। মানুষজন বাজার থেকে কেমিক্যাল মেশানো সাদা চিনি কিনছে। অথচ আমাদের উৎপাদিত চিনির মিষ্টিও বেশি আবার কেমিক্যাল ব্যবহার না করায় স্বাস্থ্যের জন্যও ভালো।’