‘ঈদের আগে বোনাস চাই। অন্য শ্রমিকদের মতো দৈনিক আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন করতে হবে। অতিরিক্ত সময় কাজ করালে ওভারটাইম দিতে হবে। হোটেল-রেস্তোরাঁয় শ্রম আইন চালু করতে হবে।’ এসব দাবিতে গতকাল শুক্রবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা হোটেল-রেস্তোরাঁর শ্রমিকেরা।
বেলা সাড়ে ১২টায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ‘প্রেরণা ৭১’ থেকে শ্রমিকেরা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তৃতা করেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মিন্টু মিয়া, ঝিনাইদহ জেলা সভাপতি ইসলাম শেখ প্রমুখ।
ইসলাম শেখ বলেন, বর্তমানে হোটেল-রেস্তোরাঁয় কর্মরতদের সকাল ছয়টায় কর্মস্থলে আসতে হয়। আর বাড়ি ফেরেন রাত ১০টায়। অথচ অতিরিক্ত কাজের জন্য তাদের কোনো মজুরি নেই।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইন এখানে মানা হচ্ছে না। সর্বক্ষেত্রে উৎসব বোনাস আছে, নেই হোটেল-রেস্তোরাঁর শ্রমিকদের। ঈদুল ফিতরের আগে বোনাস দিতে হবে। অন্যথায় ঈদের পর ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।