ঈদের আগে বোনাসের দাবি শ্রমিক ও কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানাসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ঈদের আগে এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস হিসেবে পরিশোধ করার দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশ সংগঠনটি এ দাবি জানিয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, পোশাক কারখানা রুটি-বিস্কুট, দরজি দোকানসহ অনেক শিল্পপ্রতিষ্ঠানে নামমাত্র ঈদ বোনাস দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানে কোনো বোনাস দেওয়া হয় না। অন্যদিকে রোজার শুরু থেকেই শ্রমিক-কর্মচারীদের দিয়ে অতিরিক্ত কাজ (ওভারটাইম) করানো হয়। কিন্তু আইন অনুযায়ী ওভারটাইম মজুরি দেওয়া হয় না। তাই বোনাসসহ ন্যায্য ওভারটাইম মজুরি দেওয়ারও দাবি জানান বক্তারা।

জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, ঢাকা রুটি-বিস্কুট শ্রমিক ইউনিয়নের সভাপতি অহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।