ঈদের আগে ভিজিএফের চাল দেওয়ার চেষ্টা, জাহাজ নদীতে
বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের ১১ হাজার ৪২৫টি দুস্থ পরিবারের মাঝে ২২৯ মেট্রিক টন ভিজিএফের চাল এখনো পৌঁছেনি। গতকাল রোববার এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর চাল আমদানি করতে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেষ্টা অব্যাহত রয়েছে।
গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী উপজেলার বার্থী, খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নের প্রায় সাড়ে ১১ হাজার দুস্থ পরিবারের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গত ২২ জুন প্রতি পরিবারের জন্য ২০ কেজি করে ২২৯ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
গৌরনদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ভিজিএফের চাল বরাদ্দের জন্য প্রয়োজনীয় চাল মজুত ছিল, কিন্তু হঠাৎ করে কার্ডপ্রতি ১০ কেজির স্থলে ২০ কেজি দেওয়ার ঘোষণা আসায় এ সংকট দেখা দিয়েছে এবং খাদ্যগুদামে মজুত গড়ে তোলা সম্ভব হয়নি। গুদামজাত করা চাল পৌর এলাকায় দিয়ে দেওয়ায় সাতটি ইউনিয়নে ভিজিএফের চাল সরবরাহ সম্ভব হয়নি। ফলে ঈদের আগে তাঁরা পাচ্ছেন না। কর্তৃপক্ষ জানায়, হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে অফিস বন্ধের মধ্যে চাল পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বি এম সফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, অফিস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ চলাচল কর্মসূচির মাধ্যমে চাল আমদানি করার চেষ্টা চলছে। খুলনার মহেশপাশা সিএসডি গুদাম থেকে বিশেষ ব্যবস্থাপনায় ৩০০ মেট্রিক টন চালভর্তি জাহাজ ছেড়ে এসে বর্তমানে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সন্ধ্যা নদীতে রয়েছে। ওই চাল সোমবার ইউপি চেয়ারম্যানদের সরাসরি দেওয়া হবে। জনপ্রতিনিধিরা একটু কষ্ট স্বীকার করলে এখনো ঈদের আগে চাল পৌঁছানো সম্ভব। এতে চেয়ারম্যানরা সম্মত রয়েছেন।