বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বের জের ধরে ঈদের আগে এক হাজার ৭১৬টি দুস্থ পরিবারের ভিজিএফের চাল পাওয়া নিয়ে সংশয় দেখা গেছে। এ ব্যাপারে দুই পক্ষের নেতারা তালিকা তৈরি নিয়ে পক্ষপাতিত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত সাড়ে চার বছরে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় আট মাস আগে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে আজিজুল হক সভাপতি ও মোস্তাফিজার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন ওই কাউন্সিল বর্জন করে এক পক্ষ। তাঁরা মির্জারুল আলম চৌধুরীকে সভাপতি ও পীরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় জানায়, ঈদে অতিদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার উপজেলার পীরব ইউনিয়নে এক হাজার ৭১৬টি কার্ড বরাদ্দ করে। কার্ডধারীরা বিনা মূল্যে ১০ কেজি করে চাল পাবেন। নিয়ম অনুযায়ী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভিজিএফ কার্ডের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দাখিল করবেন।পীরব ইউপির চেয়ারম্যান আবদুল করিম ৪ আগস্ট পিআইও আবুল কালাম আজাদের কাছে তালিকা জমা দিতে যান। পিআইও জানতে চান, ওই তালিকায় আওয়ামী লীগের নেতা আজিজুল হক ও মোস্তাফিজার রহমানের তালিকা সংযুক্তি করা আছে কি না। চেয়ারম্যান আওয়ামী লীগের তালিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে টালবাহানা করেন পিআইও। এ পর্যায়ে চেয়ারম্যান বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও ভিজিএফের বরাদ্দ না পেয়ে গত সোমবার বগুড়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।আবদুল করিম বলেন, ‘আমি নিজে আওয়ামী লীগের নেতা। তবু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে আমার ইউনিয়নের বরাদ্দ স্থগিত করে দিয়েছেন।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যানের অভিযোগ সত্য নয়। পীরব ইউনিয়ন থেকে অভিযোগ উঠেছে, ভিজিএফ পাওয়ার উপযোগী অনেক অতিদরিদ্র ব্যক্তির নাম চেয়ারম্যানের তালিকায় নেই।’উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বলেন, উপজেলা আওয়ামী লীগের অভিযোগের পরিপ্রেক্ষিতে পিআইওকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি তালিকা যাচাই-বাছাই ও সংশোধন করে দিলেই বরাদ্দ দেওয়া হবে।পিআইও আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগেই পীরব ইউনিয়নের অভিযোগ তদন্ত করার কথা ছিল। কিন্তু বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ, বিশেষ করে ৭ আগস্ট (আজ বুধবার) জেলা সমন্বয় কমিটির সভা থাকায় ঈদের আগে আর তালিকা যাচাই-বাছাই করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, ঈদের আগেই চাল বিতরণ করা যাবে।’