ঈদের আগে ভিজিএফের চাল পাচ্ছেন না দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে দর-কষাকষির কারণে এবার ঈদের আগে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না। ফলে উপজেলার কয়েক হাজার গরিব, দুস্থ ও প্রতিবন্ধী ঈদের আগে ওই চাল থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ২৫ হাজার ৬৫২ জন দুস্থ ও প্রতিবন্ধীর জন্য ১০ কেজি করে মোট ২৫৬ দশমিক ৬২০ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাল বিতরণের জন্য ইউনিয়ন ও উপজেলায় ভিজিএফ কমিটি গঠন করেন। সে অনুযায়ী পিআইও দপ্তর থেকে পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা চাওয়া হয়। উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভার দুই মেয়র ভিজিএফ কমিটির সঙ্গে ভাগাভাগি করে তালিকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে চাল উত্তোলন করে তা বিতরণ করেন। কিন্তু উপজেলার ১৬ ইউনিয়নে তালিকা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দর-কষাকষির কারণে জটিলতার সৃষ্টি হয়। এ নিয়ে গত ১১ আগস্ট উপজেলা ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা মোট বরাদ্দের ৪০ শতাংশ দাবি করেন। এবং তাঁরা বরাদ্দের ওই তালিকা নিজেরা তৈরি করার দাবি জানান। অপর দিকে চেয়ারম্যানরা ৩৫ শতাংশ বরাদ্দের জন্য সমঞ্চতি দেন। সর্বশেষ গত মঙ্গলবার সরকারি কার্যদিবসের শেষ দিনেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।এ অবস্থায় বুধবার উপজেলা ভিজিএফ কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ১৬ ইউপির চেয়ারম্যানদের অনুকূলে চাল বরাদ্দের নির্দেশ দেন। ওই দিন চার ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে ১২ ইউপির চেয়ারম্যানদের বরাদ্দ দেওয়ার নির্দেশ প্রদান করেন কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ এনামুল হক। তবে বরাদ্দপত্র না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো চেয়ারম্যান চাল উত্তোলন করতে পারেননি। উপজেলা ভিজিএফ কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাদের কারণে ঈদের আগে গরিব, দুস্থ ব্যক্তিরা চাল থেকে বঞ্চিত হলেন। কমিটির সদস্যসচিব উপজেলা পিআইও আবু লোহেল আল মামুন বলেন, ‘সাংসদ ১২টি ইউনিয়নের অনুকূলে বরাদ্দ দেওয়ার জন্য ডিও লেটার দিলে আমরা তা খাদ্য অফিসে পৌঁছে দিয়েছি। এখন দায়িত্ব তাদের।’