ঈদের আগে মাগুরায় ১০ টাকা কেজির চাল মিলছে না
মাগুরার ৪টি উপজেলার ২৪ হাজার ৭৮১টি হতদরিদ্র পরিবার ঈদের আগে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ ১০ টাকা কেজি দরের চাল কেনার সুযোগ পাচ্ছে না।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ যোগ্য সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা করতে না পারায় তারা ঈদের আগে এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ঈদের ছুটির পর তালিকা চূড়ান্ত করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, হতদরিদ্র মানুষের জন্য পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে দেশের ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে। ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি নামের এই রেশনিং কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবার ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস এ কর্মসূচি চালু থাকবে।
তালিকার বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুল আলম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘নীতিমালা ও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী চারটি উপজেলায় উপকারভোগীদের তালিকা তৈরি ও ডিলার নিয়োগের জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছি। মূলত ইউনিয়ন পরিষদগুলো (ইউপি) তালিকা তৈরি করে পাঠাবে। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তালিকা পাঠাতে পারেনি। এ ছাড়া অধিকাংশ ইউনিয়ন থেকে পাঠানো তালিকায় ইউনিয়নের ভিক্ষুকেরা বাদ পড়েছে। তাই
পাঠানো তালিকা আবার সংশোধন করা হচ্ছে।’
সাইফুল আলম বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালুর কথা ছিল। কিন্তু তা হলো না। দ্রুত তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আশা করছি ঈদের ছুটির পর ২০ সেপ্টেম্বর থেকে সুবিধাভোগী পরিবারগুলো ১০ টাকা কেজি দরে চাল পাবে।’
মাগুরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ারুল করিম বলেন, ‘সদরের ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টির তালিকা চূড়ান্ত করা হয়েছে। মূলত ইউনিয়নগুলোতে ভিক্ষুকেরা তালিকা থেকে বাদ পড়ায় তাদের অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করতে গিয়ে দেরি হচ্ছে। তা ছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তি যাতে কর্মসূচির অন্তর্ভুক্ত না হয়, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। আমরা স্বচ্ছ,
সুন্দর একটি তালিকা তৈরির চেষ্টা করছি। ঈদের ছুটি শেষ হওয়ার পরই আমরা বিতরণ কার্যক্রম শুরু করব।’