ঈদের আগে রাস্তা ঠিক না হলে খবর আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে যাত্রী দুর্ভোগ কমাতে রেলের ২৫১টি কোচ (বগি) মেরামত করে সৈয়দপুরে রাখা হয়েছে। ঈদের আগেই এগুলো সারা দেশে সরবরাহ করা হবে। যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের যশোর রেলওয়ে জংশন পরিদর্শন করে গতকাল শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান। এ সময় যাত্রীরা খুলনা-ঢাকা রুটে নতুন একটি রেল চালু, প্ল্যাটফর্মে একটি ওভারব্রিজ (উড়ালসেতু) নির্মাণ, রেলের জমি দখলমুক্ত, ছিনতাই ও কালোবাজারে টিকিট বিক্রি বন্ধসহ বিভিন্ন দাবি তোলেন। তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজারকে (জিএম) মুঠোফোনে বলেন, যশোর জংশন এলাকায় নোংরা পরিবেশ। স্টেশন ভবনের সামনের সড়কটি সমুদ্র না অন্য কিছু সেটা বোঝার উপায় নেই। কাল (শনিবার) সকালের মধ্যে সড়কটি সংস্কার দেখতে চাই। পার্সেলের ওজন মাপা যন্ত্রটি নষ্ট। অতি জরুরি সেটি মেরামত করতে হবে। কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। সেটি বন্ধের জন্য যা করা দরকার, তা করতে হবে। মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোববার থেকে যশোর ও রাজশাহী অঞ্চলে স্বল্প আকারে রেলের ই-টিকিট পদ্ধতি চালু করা হবে। রেলের জমি দখলমুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি জমি চিহ্নিত করার পর রেলের সার্বিক উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক পরিদর্শন: রেলজংশনের পর মন্ত্রী খুলনা-ঢাকা মহাসড়কের বেহাল দশা দেখতে যান। এ সড়কের যশোর সদর উপজেলার মুড়লী মোড়, রামনগর, রূপদিয়া, জামতলাসহ কয়েকটি স্থানে গাড়ি থেকে নেমে সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে ঢাকা-খুলনা মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী না হলে খবর আছে।’সওজ বিভাগের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ইঞ্জিনিয়াররা কেউ ঘরে থাকবেন না, আপনাদের রাস্তায় থাকতে হবে। যেকোনো মূল্যে রাস্তার গর্ত ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, সওজ বিভাগ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী গুলজার হোসেন, যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ।