ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও যোগাযোগব্যবস্থায় নৈরাজ্যের অবসানের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, মালিকেরা শ্রমিকদের ন্যায্য মজুরি দেন না। তাঁদের বোনাস নিয়েও টালবাহানা চালিয়ে যাচ্ছেন। ঈদের আগে সব পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি-বোনাস পরিশোধ করতে হবে। না হলে যেকোনো ধরনের শ্রমিক-অসন্তোষের দায়ভার সরকারকেই বহন করতে হবে।বক্তারা বলেন, দেশের পরিবহনব্যবস্থা নৈরাজ্যিক অবস্থায় গিয়ে ঠেকেছে। মানুষ বাস-ট্রেনের টিকিট পাচ্ছে না। বহু জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পরিবহনব্যবস্থায় ধারাবাহিক লুণ্ঠনেরই ফল। তাঁরা অবিলম্বে ভেঙে পড়া সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতিসহ নৌ, রেল ও গণপরিবহন-ব্যবস্থাকে উন্নততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সালাম, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখতার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।