আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বরিশাল বাসমালিক পক্ষ। সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, সড়ক ভবন ঘেরাও ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে ঈদের সাত দিন পর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বাসমালিক গ্রুপের নেতারা।
গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসমালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। বরিশালের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত ৩৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। খানাখন্দে বাস চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটছে। ঈদুল আজহার আগে সড়ক সংস্কার করা না হলে আমাদের ভোগান্তির মধ্যে ফেলা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মহাসড়ক সংস্কারের সময় নিম্নমানের কাজ হওয়ায় তা টেকসই হচ্ছে না। মহাসড়কের দোয়ারিকা, শিকারপুরের দুই সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক প্রায় ১০ কিলোমিটার। প্রায় ২০ বছর আগে ওই সড়ক করা হয়, সেই সড়কের কোথাও কোনো খানাখন্দ নেই। অথচ প্রতিবছর যে অংশগুলো প্রচুর অর্থ ব্যয় করে কার্পেটিং করা হয়, সেগুলোই খানাখন্দে ভরে যায়। দ্রুত খারাপ সড়কগুলো মেরামত করা জরুরি।
দাবি আদায়ে মালিকপক্ষ কয়েকটি দাবি তুলে ধরে। এর মধ্যে আজ (রোববার) ১০টায় বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ২৪ আগস্ট প্রতীকী সড়ক অবরোধ, ২৭ আগস্ট বরিশালের সড়ক ভবন ঘেরাও করা হবে। এরপরও সড়ক সংস্কার করা না হলে ঈদের সাত দিন পর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন বলেন, সড়কের বাস্তব অবস্থা জানিয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। তারপর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে।