ঈদের আগেই পোশাকশ্রমিকসহ সব শিল্প কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি জানান ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রেসক্লাবের সামনে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। তাই সেখানে সমাবেশের অনুমতি না পাওয়ায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনের দিয়ে অগ্রসর হয়। সেখান থেকে আবার প্রেসক্লাবের সামনের দিকে যাওয়ার পথে কয়েক মিনিটের জন্য প্রেসক্লাবের সামনে দাঁড়ানোর সুযোগ পান নেতারা।
এ সময় কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে। তিনি জাতীয় ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়নেরও দাবি জানান।