ঈদের আগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পরেই ঈদ। ঈদে চারপাশ ও রাস্তাঘাট ঝকঝকে পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে। কিন্তু এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে টিলাধসে সড়কের ওপর মাটি পড়েছিল। তাই সরকারি উদ্যোগের অপেক্ষা না করে সেই মাটি সরানোর কাজ করছেন এলাকাবাসী। কেউ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, কেউবা দিচ্ছেন টাকা।

গত বুধবার রাত থেকে মৌলভীবাজারের বড়লেখা-ডিমাইবাজার সড়ক থেকে চলছে মাটি সরিয়ে পরিষ্কার করার কাজ। এই সড়কে মাটি পড়ায় উপজেলা সদর (বড়লেখা) ইউনিয়নের ডিমাই এলাকার প্রায় ২০ হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জুন রাতে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের বন বিভাগের বিট অফিসের সামনে প্রায় ৫০০ ফুট এলাকাজুড়ে টিলার মাটি ধসে পড়ে। এতে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাই কঠিন হয়ে যায়। এ অবস্থায় এলাকাবাসী অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েন। এই সড়ক দিয়েই ডিমাই এলাকার মানুষ উপজেলা সদরে আসা-যাওয়া করেন।