ঈদের আগে সড়ক সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন বাসমালিক ও পরিবহন শ্রমিকেরা। এই দাবিতে তাঁরা কাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন।
এ বিষয়ে ঢাকা-মতলব বাস মালিক সমিতির আহ্বায়ক মো. মিজানুর রহমান ও বাস শ্রমিক সমিতির আহ্বায়ক কামাল সরকার গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, এই সড়কে বাস চালিয়ে মালিকদের প্রতিদিন লোকসান গুনতে হয়। তাই অন্য বাসমালিকদের সঙ্গে আলোচনা করে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাসচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের দৈর্ঘ্য ৪৩ কিলোমিটার। এর মধ্যে দাউদকান্দি অংশে সাড়ে ১৬ কিলোমিটার। এই অংশের প্রায় ১০ কিলোমিটার অংশ অত্যধিক ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা। সংস্কারের অভাবে সড়কের এই দশা হয়েছে। ২০১০-২০১১ অর্থবছরে সড়কটি সংস্কার, প্রশস্তকরণ, জমি অধিগ্রহণ ও বাঁক সোজা করার জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পায়। ২০১০ সালের জুনে কাজ শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু ২০১২ সালের জুন মাসে দাউদকান্দি অংশের সাড়ে ছয় কিলোমিটারে কাজ শেষে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজটি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ওই ১০ কিলোমিটারের অধিকাংশ স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একাধিক বাসচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, গর্তে চাকা আটকে যাওয়ার প্রতিদিনই কোনো না কোনো বাস বিকল হয়। এ বেহাল সড়কে বাস চালাতে গিয়ে তাঁরা অতিষ্ঠ ।
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন বলেন, ‘জমি অধিগ্রহণ জটিলতার কারণে সংস্কারকাজটি আটকে ছিল। জটিলতা এখন কেটে যাচ্ছে। ঈদকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার মতো সংস্কারকাজ শুরু করার চেষ্টা চালাচ্ছি।’
মতলব দক্ষিণ উপজেলার রাজারগাঁও গ্রামের বৃদ্ধ সোলায়মান বলেন, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে শিশুরা ভয়ে চিৎকার শুরু করে, বয়স্করাও আতঙ্কে থাকেন।
দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শিক্ষার্থী স্মৃতি রাণী শীল বলেন, ‘গর্তে ভরা এ রাস্তা দিয়ে নিয়মিত ক্লাস করতে এসে আমাদের শরীরের বারোটা বাজছে।’
পাঁচগাছিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ‘বিদ্যালয়ে নিয়মিত যাওয়া-আসার সময় গাড়ির ঝাঁকুনি খেয়ে মাঝেমধ্যে আমার শরীর ব্যথা হয়ে যায়।’