ঈদের আগে সড়কে খোঁড়াখুঁড়ি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর শহরের গভীর নালা নির্মাণে সড়ক খুঁড়ে মাটি ফেলে রাখা হয়েছে সড়কের ওপরে। এতে দুর্ভোগ বেড়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। ছবিটি গতকাল শহরের উত্তর সাহা পাড়া থেকে তোলা l প্রথম আলো
বগুড়ার শেরপুর শহরের গভীর নালা নির্মাণে সড়ক খুঁড়ে মাটি ফেলে রাখা হয়েছে সড়কের ওপরে। এতে দুর্ভোগ বেড়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। ছবিটি গতকাল শহরের উত্তর সাহা পাড়া থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার শেরপুরে পৌর শহরের বারোদুয়ারী হাট, বৈকাল বাজার ও উত্তর সাহাপাড়ায় সড়কে খোঁড়াখুঁড়ি নিয়ে দুর্ভোগে পড়েছেন পথচারী ও ব্যবসায়ীরা। মাটি খুঁড়ে স্তূপ করে ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। ওই সব এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের আগে এভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করায় তাঁদের কেনাবেচা অর্ধেকে নেমে এসেছে।
শেরপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কের ওই সব এলাকায় পানি নিষ্কাশনে গভীর নালা তৈরির কাজ চলছে। গত বছরের আগস্টে দরপত্রের মাধ্যমে ওই সব কাজ শুরু করা হয়েছে।
ওই সব এলাকার ১০ জন বাসিন্দা বলেন, বৃষ্টি হলে সড়কের ওপর ফেলে রাখা মাটি পুরো সড়কে কাদায় ছড়িয়ে পড়ে। এতে হেঁটে পর্যন্ত চলাফেরা করা যায় না। প্রয়োজনে সড়কে চলাফেরা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের এই দুর্ভোগ নিয়ে পৌরসভার প্রকৌশল বিভাগকে জানিয়েও কোনো কাজ হয়নি।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, উত্তর সাহাপাড়ার সড়কের ওপর মাটি ফেলে রাখায় সড়কটি মাটির ঢিবিতে পরিণত হয়েছে। বারোদুয়ারী হাট সড়কের বারোদুয়ারী মসজিদের সামনে ঢালাই গভীর নালার মুখ খুলে রাখায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৈকাল বাজার এলাকায় বাসস্ট্যান্ডমুখী সড়কের মাটি খোঁড়াখুঁড়িতে দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী ও ক্ষুদ্র যানের চালকেরা। সরেজমিনে এসব কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
উত্তর সাহাপাড়া এলাকার ব্যবসায়ী উত্তম চক্রবর্তী বলেন, প্রায় এক মাস ধরে সড়ক খুঁড়ে মাটি তুলে ফেলে রাখা হয়েছে সড়কের ওপর। এতে তাঁর বিক্রি অর্ধেকে নেমে এসেছে। বৈকাল বাজারের পাঁচজন কাঁচামাল ব্যবসায়ী বলেন, বাজারের মুখে সড়ক খোঁড়াখুঁড়িতে বাজারে ঢুকতে সমস্যায় পড়তে হয়। এতে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। একই এলাকার কসমেটিক ব্যবসায়ী অশোক সরকার বলেন, ঈদের আগে সড়ক খোঁড়াখুঁড়িতে তাঁর ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, সড়কের ওপর স্তূপ করে ফেলে রাখা মাটি দ্রুত অপসারণে তিনি উদ্যোগ নেবেন।