ঈদের আগে ১০ টাকায় চাল পাচ্ছে না কক্সবাজারের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ৮ উপজেলায় ১ লাখ ৭৩ হাজার ৩৩৬টি পরিবার ঈদের আগে ১০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছে না। এতে হতাশ ও ক্ষুব্ধ ওই পরিবারগুলো।

যোগ্য উপকারভোগী হতদরিদ্র পরিবারগুলোর তালিকা করতে পারেনি জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। তা ছাড়া চাল বিতরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ডিলারও নিয়োগ দিতে পারেনি। এ অবস্থায় ঈদের পর তালিকা করে চাল বিক্রি করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধন করেছেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া এই পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। সারা দেশের ৫০ লাখ পরিবার এ সুবিধা পাবে।

বছরের যে সময়ে খেতখামারে কাজ থাকে না, তখন পল্লি রেশনিং কার্ডধারীরা বছরে পাঁচ মাস এ খাদ্যসহায়তা পাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস খাদ্যবান্ধব এই কর্মসূচি চালু থাকবে।

কক্সবাজারের তালিকার বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এস এম তাহসিনুল হক বলেন, নীতিমালা ও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী তিনি উপকারভোগীর তালিকা তৈরি ও ডিলার নিয়োগের জন্য আট উপজেলা কমিটিগুলোকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু উপজেলা কমিটিগুলো নির্ধারিত সময়ের মধ্যে ওই তালিকা পাঠাতে পারেনি।

তাহসিনুল হক বলেন, তালিকা করতে না পারায় গতকাল জেলার কোথাও কর্মসূচিটি চালু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে উপজেলা কমিটিগুলোকে হতদরিদ্রদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিলার নিয়োগের কার্যক্রমও চলছে। কোরবানির ঈদের পর হতদরিদ্ররা ১০ টাকায় চাল কিনতে পারবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের নিয়ম থাকলেও এ পর্যন্ত কক্সবাজারে নিয়োগ দেওয়া হয়েছে ৮২ জন। এর মধ্যে চকরিয়ায় ২৭ জন, মহেশখালীতে ২৩, পেকুয়ায় ১৮ ও সদরে ১৪ জন। টেকনাফ, উখিয়া, রামু ও কুতুবদিয়ায় এখনো কোনো ডিলার নিয়োগ হয়নি।

চাল না পেয়ে হতাশ সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডিককুল গ্রামের দিনমজুর আবদুল মজিদ (৫৫) বলেন, ‘ধরে নিয়েছিলাম কোরবানির আগে ১০ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারব। এখন খবর পাচ্ছি—এই চাল নাকি ঈদের পরে দেওয়া হবে। তাহলে গরিব মানুষ ঈদ করবে কী দিয়ে?’

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, তালিকা তৈরি শেষ না হওয়া পর্যন্ত হতদরিদ্রদের কাউকে চাল বিতরণ সম্ভব নয়। বিতরণের জন্য পর্যাপ্ত চাল গুদামে মজুত আছে। কোরবানের পর কার্ডধারীরা চাল কিনতে পারবেন।