ঈদের আগে ৩৫০৭ পরিবারের ভিজিএফের চাল না পাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের তিন হাজার ৫০৭ দরিদ্র পরিবার ঈদের আগে ভিজিএফের চাল না পাওয়ার আশঙ্কা করছে। হুইপ মির্জা আজম গতকাল মঙ্গলবার ভিজিএফের চাল বিতরণে স্থগিতের নির্দেশ দেওয়ায় তারা এ আশঙ্কা করছে।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভিজিএফের চাল ঈদের আগেই বিতরণ করা হবে।এলাকাবাসী জানায়, গুনারিতলা ইউনিয়নে তিন হাজার ৫০৭ জন কার্ডধারীর নামের তালিকার বিপরীতে ৩৫ হাজার ৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল গতকাল তালিকা অনুযায়ী বিতরণের কথা ছিল। কিন্তু গুনারিতলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, সম্পাদক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরাও তাঁদের দলের ক্ষমতাবলে ভিজিএফের তালিকা দেন। চেয়ারম্যান তাঁদের তালিকা এলাকায় নিয়ে গিয়ে যাচাই-বাছাই করেন। তাতে দেখা যায়, অনেকের নিজের নাম এবং ধনী ব্যক্তিদের নামও তালিকায় রয়েছে। চেয়ারম্যান ওই নামগুলো তালিকা থেকে বাদ দিয়ে দেন। নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে হুইপের কাছে চেয়ারম্যানের বিচার দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে হুইপ নিজেই চেয়ারম্যানকে টেলিফোন করে ভিজিএফের চাল বিতরণ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন।গুনারিতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ‘নেতা-কর্মীদের তালিকা যাচাই-বাছাই করে অনেকের নিজের নাম এবং ধনীদের নাম পেয়েছি। তাই তাঁদের তালিকার অনেক নাম কেটে দিয়েছি। আজ হোক কাল হোক আমি যে তালিকা দিয়েছি, এই তালিকার ওপরেই চাল বিতরণ করতে হবে। নইলে আমি পদত্যাগ করব।’ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, গুনারিতলা ইউনিয়নের ভিজিএফের তালিকা উপজেলা পরিষদ অনুমোদন না করায় চাল বিতরণ আপাতত বন্ধ রয়েছে।ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যতটুকু জেনেছি গুনারিতলা ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে ভিজিএফের তালিকা নিয়ে ঝামেলা রয়েছে। এ কারণে হুইপ স্যার ভিজিএফের চাল বিতরণ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ জন্য আজ বুধবার জরুরি বৈঠক করা হবে। ঈদের আগেই ভিজিএফের চাল বিতরণ করা হবে।’এ ব্যাপারে হুইপ মির্জা আজমের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি ধরেননি।