ঈদের আগে ৪৭টি বগি হস্তান্তর
এবার ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে আন্তনগর ট্রেনগুলোতে সংযোজনের জন্য আরও ৪৭টি বগি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৪ জুলাই শুরু হওয়া রেলওয়ের সেবা সপ্তাহের প্রথম দিনে শ্রমিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর ঈদের আগে রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে বাড়ি ফিরতে মানুষকে অবর্ণনীয় বিড়ম্বনায় পড়তে হয়। তখন বাস-ট্রেন ও নৌযানে এই চিত্র ফুটে ওঠে। সেই দুর্ভোগ কিছুটা লাঘবে এই কারখানার শ্রমিকেরা এবার ৪৭টি বগি মেরামতের উদ্যোগ নিয়েছেন। তাঁরা রেলওয়ে প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, রমজান মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বগিগুলো হস্তান্তর করবেন।কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা ৪৭টি বগি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছি। নির্ধারিত সময়ে সেগুলো হস্তান্তরের জন্য শ্রমিকেরা অতিরিক্ত শ্রম দিচ্ছেন।’রেলশ্রমিক লীগ, সৈয়দপুর কারখানার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের চিত্র দেখে আমরা কষ্ট পাই। দুর্ভোগ কমাতে শ্রমিকেরা ঈদে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজনের জন্য মেরামত কাজ চালাচ্ছেন।’ সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলওয়ে সেবা সপ্তাহে শ্রমিকদের পক্ষ থেকে ওই ঘোষণা অবশ্যই ইতিবাচক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি যাতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ স্বাভাবিক রাখা হয়। আশা করি, আমরা ওই ৪৭টি কোচ যথাসময়ে হস্তান্তর করতে পারব।’