ঈদের আগেই চট্টগ্রামের ১৩ শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ১৩ শিক্ষককে কোরবানির ঈদের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখা। ওই শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান সমিতির নেতারা। তাঁরা বলেন, ‘প্রশ্নপত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছেন শিক্ষকেরা। শিক্ষকদের ক্ষমা চাওয়ার কি কোনো মূল্য নেই?’
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। সংবাদ সম্মেলনে ১৩ শিক্ষকের মুক্তির দাবিতে আজ রোববার সকালে চট্টগ্রামের ছয় উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
গত বছরের জুলাই মাসে ওই ছয়টি উপজেলায় নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল অংশের একটি প্রশ্নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর কার্যক্রমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা হয় বলে অভিযোগ ওঠে। এর আগে গত বছরের এপ্রিলে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে কয়লা বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন লিয়াকত। ওই আন্দোলনে চারজন নিহত হন।
নবম শ্রেণির ওই পরীক্ষার এক দিন পর গত বছরের ১৯ জুলাই প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত শিক্ষকসহ চট্টগ্রাম জেলার ছয় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৩ শিক্ষককে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে। গত বুধবার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে ১৩ শিক্ষক জামিনের আবেদন করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।
গতকালের সংবাদ সম্মেলনে বলা হয়, অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য ১৩ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক কথিত অভিযোগ হয়রানিমূলক। শিক্ষকেরা কারাগারে থাকায় তাঁদের পরিবার অবর্ণনীয় দুরবস্থায় আছে। ১৩ শিক্ষক স্বাধীনতাবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে কখনো জড়িত ছিলেন না।