ঈদের আগেই নৌপথ ড্রেজিংয়ের নির্দেশ নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথের বিভিন্ন স্থানে মাটি উঁচু হয়ে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এগুলো ঈদের আগেই ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। ব্রিফিংয়ে লঞ্চযাত্রীদের নানা ভোগান্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যান নৌমন্ত্রী।
নৌমন্ত্রী জানান, নৌপথে যাত্রী ভাড়া না বাড়ানোর বিষয়ে মালিকদের প্রতি অনুরোধ করা হয়েছে। এ ছাড়া মাওয়া ঘাটে স্পিডবোটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা গেছে। স্পিডবোটের জন্য নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নৌমন্ত্রী আরও বলেন, লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যে ‘লোড লাইন’ (সর্বোচ্চ কতজন যাত্রী বহন করা যাবে সে বিষয়ক নির্দেশনা) ক্রস করা যাবে না। রাতের বেলা জাহাজ চালনার যেসব নিয়ম-কানুন আছে, তা মেনে জাহাজ চালাতে হবে। মালবাহী ও বালুবাহী জাহাজ চলাচল রাতের বেলা বন্ধ থাকবে।