ঈদের আগেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ইজারা বাতিল
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের চলাচল নিরাপদ ও সুষ্ঠু করতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ইজারা ১৫ জুলাইয়ের মধ্যে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি পরে সাংবাদিকদের ব্রিফিং দেন। খবর বাসসের।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, প্রতিবছরের মতো ঈদে বাড়ি অভিমুখী যাত্রীদের নিরাপত্তা দিতে নৌ মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপত্তাব্যবস্থার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
শাজাহান খান বলেন, মন্ত্রণালয় মাওয়া ঘাটের ইজারা আগেই বাতিল করেছে। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৪৬টি ফেরি চলাচল করছে। ১৮ জুলাই মাওয়া-চরজানাজাত ও পাটুরিয়া-দৌলতদিয়ায় আরও তিনটি নতুন ফেরি সংযোজিত হবে। দৌলতদিয়া ঘাট থেকে একটি রো রো ফেরি মাওয়া ঘাটে যাবে।
মন্ত্রী জানান, মাওয়ায় স্পিডবোট চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখা হবে। স্পিডবোটের যাত্রী বহন করতে হলে প্রতিটি যাত্রীকে লাইফ জ্যাকেট পরতে হবে। এর ভাড়াও সুনির্দিষ্ট করে দেওয়া হবে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত সবজি বহনকারী ট্রাক ব্যতীত সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ থাকবে। ঈদের পাঁচ দিন আগে এবং ঈদের পাঁচ দিন পর রাতের বেলা মালবাহী কোনো জাহাজ এবং কোনো বালুবাহী কার্গো চলাচল করতে পারবে না।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান খন্দকার সামুদ্দোহা, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিদর্শক (ডিজি) কমোডর জাকিরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি, লঞ্চ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।