ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই তৈরি পোশাকশিল্প কারখানার শ্রমিকদের বেতন, বোনাস ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের দাবিতে গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ।এ দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করে। পরিষদের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে ২৫ আগস্টের আগে শ্রমিকদের ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, অন্যদিকে ঈদের খরচ—সব মিলিয়ে শ্রমিকদের সামনে সংকটময় অবস্থা। অথচ অনেক মালিক শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে নিজেরা ঈদের আনন্দ-ফুর্তি নিয়ে ব্যস্ত। বিজিএমইএ, বিকেএমইএর ভূমিকাও স্পষ্ট নয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে ২৭ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি জানায়। সমাবেশে বক্তব্য দেন সংঘের সভাপতি খলিলুর রহমান খান, সহসাধারণ সম্পাদক মো. ইয়াছিন প্রমুখ।গার্মেন্ট শ্রমিক সংহতি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ২০ রমজানের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর রমজান মাসেই লক্ষ্য করা যায়, মালিকেরা শ্রমিকদের পাওনা দিতে টালবাহানা শুরু করেন। অথচ শ্রমিকেরা বোনাসের জন্য এ মাসেই বেশি পরিশ্রম করেন।মানববন্ধনে বক্তব্য দেন আবদুস সালাম, তাসলিমা আখতার, দীপক রায় প্রমুখ।বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এক মাসের মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে। ফেডারেশনের কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার পার্টিতে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মঈনউদ্দিন মণ্ডল। বিজ্ঞপ্তি।