ঈদের আগেই পোশাক শ্রমিকেরা বেতন বোনাস পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের আগেই সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করা হবে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় তৈরি পোশাক শিল্পমালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবা-দিকদের জানান, সব পোশাক মালিক ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করবেন বলে কথা দিয়েছেন।এ সময় দুজন মন্ত্রীকে বলা হয়, শুক্রবার শিল্পমালিকেরা অর্থমন্ত্রীকে বলেছিলেন প্রণোদনা না দিলে এবার ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া সম্ভব হবে না। এর জবাবে মন্ত্রীরা বলেন, ‘এটি ঠিক নয়।’সাংবাদিকেরা জবাবটি শিল্প সংগঠনের নেতাদের মুখ থেকে শুনতে চাইলে বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম আশা প্রকাশ করে বলেন, সব তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ বোনাস পরিশোধ করবে। সভার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র অবশ্য জানায়, শিল্পমালিকেরা ব্যাংক থেকে টাকা পাওয়ার নিশ্চয়তা দাবি করেছেন। তাঁরা বলেছেন, ব্যাংকে তারল্যসংকট চলছে। ঈদের আগে ব্যাংক ঠিকমতো টাকা না দিলে তাঁদের পক্ষে শ্রমিকদের দাবি মেটানো সম্ভব না-ও হতে পারে।সূত্র জানায়, ঈদ সামনে রেখে অতীতের মতো যাতে শিল্পপ্রতিষ্ঠান ঘিরে শ্রমিক বিক্ষোভ না হয়, সেদিকে নজর দিতে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে নজরদারি করবে বলে ঠিক হয়। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ঈদের পরে সরকারের পতন ঘটাবে বলে হুংকার দিচ্ছে, যারা হাইকোর্টে বিশৃঙ্খলা তৈরি করেছে, ২১ আগস্ট হামলার আসামি, যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চায়, তারা শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের জন্য ঈদের আগে পরিস্থিতি তৈরি করতে পারে।’ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি নিয়ন্ত্রণকক্ষ খুলবে। এ ছাড়া ত্রিপক্ষীয় কমিটিও এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।