ঈদের আগেই বকেয়া চান হানিওয়েলের শ্রমিকেরা
গাজীপুরের কোনাবাড়ির হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)। সেখান থেকে ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ না করলে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে এনজিডব্লিউএফের সভাপতি আমিরুল হক বলেন, ‘এর আগে বিজিএমইএ ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়েছে দুইবার। প্রেসক্লাবে, কারখানার সামনে অবস্থান করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রতিষ্ঠানটির মালিক। ঈদের আগে ৬৫০ জন শ্রমিকের বকেয়া বেতন-বোনাস পরিশোধ না করলে আমরা অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করব।’
সংগঠনটির সাধারণ সম্পাদক শাফিয়া পারভিন বলেন, ‘কারখানা মালিক মশিউর রহমান জয় তাঁর ছেলেমেয়ের জন্য ঠিকই ঈদের জামাকাপড় কিনে দিয়েছেন। কিন্তু আমরা টাকার অভাবে ছেলেমেয়েদের স্কুলে পড়াতে পারছি না। ঈদের আগে আমাদের বকেয়া পরিশোধ না করলে আমরা অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করব।’
হানিওয়েল গার্মেন্টসের শ্রমিক শাহানা খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকার জন্য কাজ করি। আমগোর টাকা না দিয়া মালিক কারখানা গুটায়া পলাইছে। সরকার আমগোর বেতন দেওয়ার ব্যবস্থা কইরা দেউক।’
আমিরুল হক আমিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতা ফারুক খান, কবির হোসেনসহ হানিওয়েল গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা বক্তব্য দেন।