ঈদের আগেই বাড়ি যেতে পারে তোফা ও তহুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফা ও তহুরার মুখে হাসি। তা দেখে হাসছেন ওদের মা শাহিদা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবিটি তুলেছেন মানসুরা হোসাইন
তোফা ও তহুরার মুখে হাসি। তা দেখে হাসছেন ওদের মা শাহিদা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবিটি তুলেছেন মানসুরা হোসাইন

তোফা ও তহুরাকে আগামী সপ্তাহ নাগাদ হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হতে পারে। এই মুহূর্তে শারীরিকভাবে তাদের কোনো জটিলতা নেই। বলা যায়, এখন তারা বাড়ি যেতে প্রস্তুত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসিমুখে কথাগুলো বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাহনূর ইসলাম। তাঁর অধীনেই এই যমজ বোন ভর্তি আছে।

পিঠের নিচ থেকে কোমর পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল গাইবান্ধার তোফা-তহুরা। ১ আগস্ট হাসপাতালের ২০-২২ জন চিকিৎসকের ৯ ঘণ্টার চেষ্টায় তাদের আলাদা করা হয়। তোফা-তহুরা যেভাবে জোড়া লাগানো ছিল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। বাংলাদেশে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটিই প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে অন্য ধরনের জোড়া লাগানো শিশুদের অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছিল।

অধ্যাপক সাহনূর ইসলাম বললেন, গাইবান্ধার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেই তোফা ও তহুরাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। যাওয়ার আগে ওদের বাবা-মায়ের নামে ব্যাংক হিসাব খোলাসহ পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

গতকাল দুপুরে হাসপাতালের কেবিনে গিয়ে দেখা যায়, তোফা ও তহুরা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। চোখে-মুখে খানিকটা বিরক্তি। তবে রুমের মধ্যে মানুষের উপস্থিতি টের পেয়ে আস্তে আস্তে তাদের দুষ্টুমি শুরু হয়। তোফা ও তহুরার মা শাহিদার মুখে তৃপ্তির হাসি। সেখানে উপস্থিত অধ্যাপক সাহনূর ইসলামের কাছে তিনি জানতে চাইলেন, মেয়েরা বসতে পারবে তো?

অধ্যাপক সাহনূর ইসলাম হাসি মুখে বললেন, মেয়েরা বসবে, হাঁটবে। মেয়েরা যেভাবে হাত-পা নাড়ছে, তা দেখিয়ে শাহিদাকে বিছানার পাশে বালিশ দেওয়ারও পরামর্শ দেন তিনি। তা না হলে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা আছে।

অস্ত্রোপচারের আগে প্রায় ১১ মাস বয়সী তোফা-তহুরার ওজন ছিল ১০ কেজি। এখন ওজন খানিকটা বেড়েছে। বর্তমানে একেকজনের ওজন প্রায় ৬ কেজি করে।