ঈদের আগেই বেড়েছে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ঈদ। নাড়ির টানে গ্রামের বাড়ি যাবে লোকজন। তাদের মধ্যে উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ যাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে। অথচ সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এ কারণে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজটের।

যানজটের কারণে ঈদে বিপুলসংখ্যক মানুষের ‘ঘরে ফেরা’ দুর্ভোগ কমাতে মহাসড়কটি দ্রুত সংস্কার করে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি বলে মনে করেন একাধিক বাসিন্দা।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের নিয়োজিত করা হবে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাসসহ আশপাশের কার্পেটিং উঠে গেছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ১০-১৫ দিন আগে ভোগড়া পুলিশ ক্যাম্পের সামনে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়ার চেষ্টা করে। সেই ইট উঠে গেছে। এরপর পশ্চিম দিকে কড্ডা এলাকা। সেখানে কার্পেটিংয়ে সমস্যা নেই। সমস্যার সৃষ্টি করেছে গাজীপুর সিটি করপোরেশন। পুরো নগরের আবর্জনা ট্রাক ও ভ্যানে করে সড়কের এক পাশে ফেলা হচ্ছে। সেই আবর্জনা চলে এসেছে মহাসড়কের ওপর।

কড্ডার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, পৌরসভা থেকে গাজীপুর সিটি করপোরেশন হয়েছে। এখন এলাকা আরও সুন্দর দেখাবে। হয়েছে উল্টোটা। শহরের সব আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার ওপর। এতে লোকজনও হাঁটতে পারছে না। আবার যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

কড্ডা থেকে দুই-তিন কিলোমিটার পশ্চিমে গেলেই শিল্পনগর কোনাবাড়ী। কোনাবাড়ী বাজারের দুই পাশে দুটি আঞ্চলিক শাখা সড়ক রয়েছে। ওই দুটি সড়ক দিয়ে যান চলাচলের সময় সৃষ্টি হয় যানজট। এ ছাড়া কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটু বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। সেখানে দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান থাকায় পাশাপাশি দুটি গাড়ি চলতে পারে না।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক প্রথম আলোকে বলেন, প্রতিদিন কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য এখানে যানজট নিরসনে কাজ করছেন। গাড়ির চাপ বেশি হওয়ায় জট লেগেই থাকে।

কোনাবাড়ী থেকে তিন কিলোমিটার পশ্চিমে মৌচাক বাজার। সেখানে কয়েকটি স্থানে কার্পেটিং উঠে গেছে এবং কার্পেটিং ফুলে উঠেছে। এ কারণে ধীরগতিতে যানবাহন চলায় যানজট লেগেই থাকে। এরপর সফিপুর বাজার। সেখানে মহাসড়ক ঘেঁষে দুই পাশে অসংখ্য অবৈধ দোকান। ঠিকমতো যানবাহন চলতে পারে না। সফিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশার স্ট্যান্ডের কারণে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল।

সফিপুর থেকে চন্দ্রা প্রায় ছয় কিলোমিটার। চন্দ্রা ত্রিমোড় দিয়ে নবীনগর ও গাজীপুর হয়ে উত্তরাঞ্চলের যানবাহন চলাচল করে। সেখানে পর্যাপ্ত পুলিশ না থাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে।

চন্দ্রা এলাকার ব্যবসায়ী ইউছুফ আহমেদ বলেন, চন্দ্রায় পুলিশের ভূমিকা নেই বললেই চলে। দু-তিনজন লাইনম্যান দায়িত্ব পালন করেন। তাঁরা যানজট দূর না করে যাত্রীদের বাসে ওঠাতে সহায়তা করেন। এর বিনিময়ে প্রতি বাস থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, প্রতিবছর ঈদের আগ মুহূর্তে যানজট বেশি হওয়ায় এবং ইতিমধ্যে অনেক স্কুল-কলেজ বন্ধ হওয়ায় অনেকেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়ি পাঠানো শুরু করেছেন। এ কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে বিভিন্ন স্থানে যানজটও বেড়েছে।

গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক যুবায়েরুল আলম বলেন, ঈদে ঘরমুখী মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য মহাসড়ক যানজটমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চন্দ্রার টিকিট কাউন্টারগুলো বন্ধ রাখা হবে। তবু ঈদের আগে যানবাহনের চাপ অনেক বেশি বাড়ায় অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।