ঈদের আগেই বেতন বোনাস দাবি ট্রেড ইউনিয়ন কেন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই পোশাকশিল্প কারখানার শ্রমিকসহ সব শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাছে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি জানান কেন্দ্রের নেতারা।
সমাবেশের জন্য আগে থেকে অনুমতি না নেওয়া এবং জাতীয় প্রেসক্লাবে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রেসক্লাবের সামনে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ছিল। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা করে পল্টন হয়ে আবার প্রেসক্লাবের দিকে ফিরে আসে। এ সময় প্রেসক্লাবের কাছে (ফুটওভারব্রিজের আগে) দাঁড়ানোর সুযোগ পান কেন্দ্রের নেতারা।
এ সময় কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে। তিনি জাতীয় ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকবান্ধব শ্রম আইনেরও দাবি জানান।
শ্রমিকনেতারা বলেন, অনেক কারখানা মালিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে গড়িমসি করেন। অনেক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত দেয়ই না। এর জন্য অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবদুল মালেক, সাহিদা পারভীন প্রমুখ অংশ নেন।