ঈদের আগেই বেতন বোনাসের দাবি পোশাকশ্রমিকদের
২০ রমজানের মধ্যে এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও চলতি মাসের পূর্ণ বেতনসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ’ সংগঠনের ব্যানারে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশ ও মিছিল করে এ দাবি জানান।বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের খবর পত্রিকায় আসছে। সরকার কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা বলছে। কিন্তু অসন্তোষের কারণ যে মজুরি পরিশোধ না করা, শ্রমিক নির্যাতন ও ছাঁটাই-সে কথা উল্লেখ করা হয় না। ঈদের আগে অনিশ্চয়তা যেন উত্তেজনায় রূপ না নেয়, এর ব্যবস্থা মালিকদের করতে হবে।সমাবেশে সভাপতিত্ব করেন মন্টু ঘোষ। এতে বক্তব্য দেন মোশরেফা মিশু, মাহাবুবুর রহমান, রফিকুল ইসলাম, বাহারানে সুলতান প্রমুখ।ঈদের আগেই বোনাস দেওয়ার একই দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টও সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মিছিল করে। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, নগর শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এ সমাবেশে শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।পোশাকশিল্পের নারী শ্রমিকেরা যাতে ঈদের আগে বেতন-বোনাস পান, তার নিশ্চয়তা দাবি করে সম্মিলিত নারী সমাজ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।