ঈদের আগেই মহাসড়ক সংস্কার: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদের আগেই সব মহাসড়ক ব্যবহার উপযোগী করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়ক অবৈধ দখল ও যানবাহনমুক্ত করার ক্ষেত্রে স্থানীয়ভাবে রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। রাজনৈতিক সহযোগিতা ছাড়া এসব বিষয়ে কাজ করা মুশকিল। তবে রাজনৈতিক নেতারা যদি এই চাপ এড়িয়ে মহাসড়ককে অবৈধ দখল ও যানবাহনমুক্ত রাখতে সহযোগিতা করেন, তবে তাঁদের ভোটের রাজনীতিতে তা ইতিবাচক ভূমিকাই রাখবে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ সরকারের শেষ সময়ে এসে আর নতুন কোনো প্রতিশ্রুতি দেখতে চায় না। তারা পূর্ব-প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের শেষ বছর রাজনীতিতে সর্বত্র মাতাল হাওয়া বইতে থাকে। এই মাতাল হাওয়া কখন কোন দিকে যাবে, তা বলা যাবে না।’

এর আগে চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের খানাখন্দ ও ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।