ঈদের আগেই মান্নার মুক্তি দাবি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ‘বিনা বিচারে’ আটকে রাখা হয়েছে অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ঈদুল আজহার আগেই তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, মান্না কোনো ধরনের ষড়যন্ত্র করেননি। তাঁকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সুন্দরবন ধ্বংস করা যাবে না। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবির পাশাপাশি সুন্দরবন বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ পরিবেশ রক্ষার ওপর জোর দেন। তিনি গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান।
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি প্রমুখ।