খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত কমিশনার মো. হুমায়ূন কবির খুলনার যানজট ও মাদক সমস্যার সমাধানে যথাসাধ্য চেষ্টা ও শহরকে ঈদের আগেই যানজটমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল কেএমপি কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবাগত কমিশনার বলেন, খুলনায় এখন পর্যন্ত কোনো জঙ্গি ধরা না পড়লেও এখানে যে জঙ্গি নেই, তা মনে করার কারণ নেই। এখানেও জঙ্গি থাকতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্বের পর নবাগত কমিশনার খুলনার সাংবাদিকদের কাছ থেকে বক্তব্য শোনেন। পরে পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, তার মধ্যে যে বিষয়টি বেশি উঠে এসেছে তা হলো, মাদক এবং যানজট। আমি আশা করি, ঈদের আগেই যানজট সমস্যার সমাধান করা যাবে। আর মাদকের বিষয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দেশের প্রধানও সব সময় জিরো টলারেন্স। তাই যেভাবেই হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে।’
মহানগরে অতিরিক্ত ইজিবাইক চলার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমি জানি না কতটুকু সফল হতে পারব। তবে ইজিবাইক নিয়ন্ত্রণে আন্তরিকতার কমতি থাকবে না।’
কমিশনারের কার্যালয়ে রিকশাচালক থেকে শুরু করে সাধারণ নাগরিকের জন্য সব সময় দরজা খোলা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সাধারণ ঘরের সন্তান। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।’