ঈদের আগের তিন দিনের টিকিট প্রায় শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের জন্য ২৩, ২৪ ও ২৫ অক্টোবর এই তিন দিনের বাসের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু অগ্রিম টিকিট ছাড়ার তৃতীয় দিন গতকাল শুক্রবারই ওই তিন দিনের টিকিট মেলা ছিল ভার। পবিত্র ঈদুল আজহার আগে রাজধানীর আন্তনগর বাস টার্মিনালগুলোতে দূরপাল্লার বিলাসবহুল বাসের আগাম টিকিট ছাড়া শুরু হয়েছে ১০ অক্টোবর।গতকাল শুক্রবার রাজধানীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ২৩ থেকে ২৫ অক্টোবরের টিকিট পাওয়া যেন রীতিমতো সোনার হরিণ পাওয়ার মতো ঘটনা। বাস কোম্পানির কর্মীরা বলেছেন, অগ্রিম টিকিট ছাড়ার প্রথম দিনে এই তিন দিনের টিকিটই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এখন ওই তিন দিনের টিকিট নেই।বেলা ১১টায় গাবতলী বাস টার্মিনালে কথা হলো লালবাগের প্লাস্টিক কারখানার কর্মী মো. সোহেলের সঙ্গে। সোহেল জানান, ২৪ অক্টোবর থেকে তাঁর ঈদের ছুটি শুরু। কিন্তু ২৪ এমনকি ২৫ তারিখের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে ২৬ তারিখ সকালের টিকিট কিনেছেন।হানিফ পরিবহন, এস আর ট্রাভেলস, এ কে ট্রাভেলস, শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি পরিবহন কোম্পানির টিকিট বিক্রেতারা বলেন ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের টিকিট নেই।হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, এবার দূরপাল্লার সব বাসেরই এক চিত্র। সবাই ২৩, ২৪, ও ২৫ অক্টোবরের টিকিট চাইছেন। কিন্তু বিভিন্ন গন্তব্যে এই তিন দিনের টিকিট শেষ হয়ে গেছে। টিকিট-প্রত্যাশীদের সঙ্গে কথা বলে ধারণা হয়, ঈদের কিছুদিন আগে ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে এবার বাসের প্রতি মানুষের আগ্রহ কিছুটা বেশি। ঈদের সময় ট্রেন সময়মতো না ছাড়ার কারণেও বিরক্ত অনেকে বাসের দিকে ঝুঁকেছেন।একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আবদুল আউয়াল বলেন, ‘গত ঈদে রাজশাহীর ট্রেনের টিকিট কেটেছিলাম। নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর ট্রেন ছেড়েছে। তা ছাড়া টিকিটের দাম অনেক বাড়লেও ট্রেনের সেবার মান ও সময় ঠিক নেই। এ জন্য এবার বাসে যাচ্ছি।’বরাবরের মতো এবারও বাসের টিকিটের বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিভিন্ন গন্তব্যে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে তাঁরা জানান। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে মালিকপক্ষও শুনিয়েছেন আগের যুক্তিই। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম আলী খবির চান প্রথম আলোকে বলেন, ‘ঈদে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। বরং অন্য সময় কম ভাড়া নেওয়া হয়। যেহেতু ঈদের ফিরতি বাস ফাঁকা আসে তাই এ সময় ভাড়া কম নেওয়া হয় না।’ঈদের সময় বাস টার্মিনালগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে তদারকি দল থাকার কথা থাকলেও গতকাল গাবতলী বাস টার্মিনালে তাদের কোনো কার্যক্রম দেখা যায়নি।বিআরটিএর চেয়্যারম্যান হাবিবুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি দেখবেন।বিআরটিসির বাস: ঈদ উপলক্ষে বিআরটিসি বিশেষ বাসের ব্যবস্থা করবে। বিআরটিসি সূত্র জানায়, ২২ অক্টোবর থেকে ঈদের দুই দিন পর পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে। এ সময় ৪২০টি বিশেষ বাস বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।