ঈদের আগের দিন ফোনে ১৭১ গেটম্যানকে ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১৭১ জন গেটম্যানকে ঈদুল ফিতরের আগের দিন গত শুক্রবার ফোন করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তাঁদের মাত্র ১৫ দিনের মজুরি দেওয়া হয়। তাঁরা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন।
অব্যাহতি দেওয়া ওই গেটম্যানদের অনেকেই দাবি করেছেন, রেলওয়ের কাছে তাঁদের আরও বকেয়া রয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, তাঁদের কোনো পাওনা নেই।
ভুক্তভোগী কর্মচারীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলওয়ে পশ্চিমাঞ্চলে গেটম্যান পদে ১৭১ জন কর্মচারী ছিলেন। শুক্রবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের উপসহকারী প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস তাঁদের সবাইকে ফোন করে জানান, ১৩ জুলাই থেকে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যখন তাঁদের ফোন দেওয়া হয়, তখন তাঁরা কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী নগরের রায়পাড়া গেটের গেটম্যান বেলাল উদ্দিন জানান, ১৫ বছর ধরে তিনি এই পদে চাকরি করছেন। ২০১২ সাল থেকে প্রতি মাসে তিনি সাড়ে চার হাজার টাকা বেতন পেতেন। এর আগে পেতেন ২ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, তাঁর চার মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগের দিন হঠাৎ ফোন করে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় তিনি এখন পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
নগরের ভদ্রা গেটের দায়িত্বে ছিলেন একরাম শেখ। তিনি বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। স্থায়ী হতে পারেননি। রেলওয়ের কাছে তাঁর চার বছরের বেতন পাওনা রয়েছে। এসব পাওনা পরিশোধ না করেই ১৫ দিনের মজুরি দিয়ে তাঁকে ফোন করে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম বলেন, পাঁচ বছর কাজ করলেই স্থায়ী করা হবে—এমন একটি নিয়ম রয়েছে। তবে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই গেটম্যানদের ছাঁটাই করা হয়ে থাকে। পরে তাঁদের আবার কাজে নেওয়া হয়। এবার ছাঁটাই করা ওই গেটম্যানদের পুনরায় কাজে নেওয়া হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কারণ, পাঁচ বছর পূর্তি হওয়ার ভুয়া কাগজপত্র দিয়ে রেলওয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই গেটম্যানদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তাঁরা গেটম্যান পদে পুনরায় নিয়োগকেও ঠেকিয়ে রেখেছেন। খায়রুল আলম বলেন, ‘যারা এমন কাজ করছে, তাদের বিষয়টি আর কীভাবে বিবেচনা করা যায়? তাদের নিয়োগের শর্তই ছিল “কাজ নাই, মজুরি নাই”।’ এতগুলো গেট এখন কে পাহারা দেবে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের নিজেদের কিছু লোক আছে। কিছু সমস্যা হলেও তাঁদের দিয়েই এ কাজ করানো হচ্ছে।