ঈদে যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত ১০ দিন দেশের সব সিএনজি রিফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ঈদের আগের ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি বন্ধ থাকবে।
রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা’ শেষে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী জানান, ঈদের আগের ও পরের তিন দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, পোশাক কারখানার পণ্য, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। লক্কড়-ঝক্কড় যানবাহন সড়ক থেকে অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
প্রতিবার ঈদেই সড়কে চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তার জন্য সমস্যা হবে না, কিন্তু যানজট হবে না—এ গ্যারান্টি তো দিতে পারব না। কোনো স্থানে দুটি যানবাহনের সংঘর্ষ হলে যানজট লেগে যেতেই পারে। তবে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবার বিভ্রান্তির কারণ হবে না। কারণ, এর মধ্যে চার লেনের ১৪০ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ১৯২ কিলোমিটার সম্পন্ন হবে।
সভায় রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদে রেলবহরে অতিরিক্ত কোচসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, ঈদের আগেই সব ফেরি সচল থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।