ঈদের আগে-পরে ১০ দিন ঢাকায় খোঁড়াখুঁড়ি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগের সাত দিন ও পরের তিন দিন রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল মঙ্গলবার মগবাজার এলাকার যানজট পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদের এই নির্দেশ দেন।
ঈদের আগে-পরে যানজট নিরসনে মগবাজারে উড়ালসড়কের নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনকে নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, এ সময়ের মধ্যে সড়কে থাকা ছোট ছোট গর্ত ও খানাখন্দ দ্রুত সংস্কার করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, রোজা ও আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে তাঁর মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। সড়কে অতিরিক্ত মালবাহী যানবাহন বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ২১টি তদারকি দল গঠন করা হয়েছে।
ওবায়দুল কাদের জানান, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কীভাবে লাঘব করা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ১১ জুলাই বিকেলে আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।
যোগাযোগমন্ত্রী যানজট পরিদর্শন করার সময় ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।