আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগের সাত দিন ও পরের সাত দিন সারা দেশে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।
গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তিনি বিআরটিএর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলবে না। তবে ঈদের পরে এগুলো চলতে পারবে।
প্রতিবার ঈদের আগে ও পরে ট্রাক-কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকে। এবার ঈদের পর তা করা হয়নি। সিএনজি স্টেশন চালু রাখার সিদ্ধান্ত আগেও ছিল।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ প্রস্তুতির লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হচ্ছে। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে। আরও বৈঠক হবে।
বিআরটিএর কর্মকর্তারা বলেছেন, প্রতি ঈদের আগে সব মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে একটা বৈঠক করার রেওয়াজ আছে। তবে এসব বৈঠকে সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বক্তব্য দিতে না পারায় অনেক কিছু অজানা থেকে যায়। এ জন্যই আলাদা বৈঠক করে যার যার দায়িত্ব ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় তদারকি দল গঠন থাকবে। এই দল যাত্রী ভোগান্তি আছে কি না, তা দেখভাল করবে। তিনি বলেন, মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানাগুলো আলাদা দিনে ছুটি ও খোলার তারিখ ঘোষণার অনুরোধ করা হয়েছে। কাঁচপুর, গাজীপুর, টঙ্গী, কোনাবাড়ী ও চন্দ্রা এলাকার পোশাক কারখানায় এভাবে ছুটি ঘোষণা করা হলে যানজট কমবে।